২৬ কার্তিক, ১৪৩৩ - ১০ নভেম্বর, ২০২৬ - 10 November, 2026

হাত তুলে মাদককে না বলল কিশোরগঞ্জের চার শতাধিক শিক্ষার্থী

16
2026-11-10 18:34:13

news-picture

কিশোরগঞ্জ(নীলফামারী)প্রতিনিধিঃ

মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে মাদককে ‘না’ বলার শপথ নিয়েছে নীলফামারীর কিশোরগঞ্জ বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয়ের চার শতাধিক শিক্ষার্থী। মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুরে বিদ্যালয় মাঠে আয়োজিত মাদকবিরোধী সচেতনতামূলক আলোচনা সভায় হাত উঁচিয়ে মাদক থেকে দূরে থাকার অঙ্গীকার করে তারা।

‘মাদকের অপব্যবহার রোধে সচেতনতা ও উদ্বুদ্ধকরণ’ শীর্ষক এ সভায় সভাপতিত্ব করেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শহিদুল ইসলাম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সহকারী শিক্ষক সুকুমার রায়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) তনিমা জামান তন্বী। তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, মাদক শুধু একজন ব্যক্তির জীবন নয়, একটি পরিবার ও সমাজকেও ধ্বংস করে দেয়। তাই মাদকের ভয়াবহতা সম্পর্কে সবাইকে সচেতন হতে হবে। এ সময় তিনি ‘যে মুখে ডাকি মা, সে মুখে মাদক না’—এই স্লোগানে সবাইকে মাদকবিরোধী শপথ নেওয়ার আহ্বান জানান। তাঁর আহ্বানে উপস্থিত চার শতাধিক শিক্ষার্থীসহ সবাই হাত তুলে মাদককে না বলার অঙ্গীকার করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নীল রতন দেব, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আশরাফ উজ জামান সরকার এবং প্রেস ক্লাবের সভাপতি আবু হাসান শেখ।

এ ছাড়া বক্তব্য দেন কিশোরগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) আহসানুল আমিন ও বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুল কুদ্দুছ প্রমুখ।

এর আগে অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করে নবম শ্রেণির শিক্ষার্থী জিহাদুল ইসলাম। পরে সপ্তম শ্রেণির এক শিক্ষার্থী পবিত্র গীতা পাঠ করে। এরপর মাদকের ক্ষতিকর দিক, এর অপব্যবহার প্রতিরোধ এবং শিক্ষার্থীদের সচেতনতা বৃদ্ধির বিষয়ে আলোচনা অনুষ্ঠিত হয়।

সর্বশেষ

জনপ্রিয়