২৬ কার্তিক, ১৪৩৩ - ১০ নভেম্বর, ২০২৬ - 10 November, 2026

কালীগঞ্জে গুদামঘর নিয়ে বিরোধ, ছুরিকাঘাতে বৃদ্ধা নিহত

29
2026-11-10 18:35:00

news-picture

লালমনিরহাট প্রতিনিধি
লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় গুদাম ঘর দখল নেওয়াকে কেন্দ্র করে সরবি বেগম (৭০) নামে এক বৃদ্ধাকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে।
মঙ্গলবার (১০ নভেম্বর) ভোরে উপজেলার ভুল্যারহাট বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
তিনি হাতীবান্ধা উপজেলার ডাউয়াবাড়ি ইউনিয়নের পুর্ব বিছনদই গ্রামের এলাহী বখসের স্ত্রী।
পুলিশ ও স্থানীয়রা জানান, ভুল্যারহাট বাজার এলাকার নুরুদ্দিন মিয়া তার গুদামঘরে স্থানীয় আশরাফুল ইসলাম রাজুর সঙ্গে যৌথ ব্যবসা করতেন।
ব্যবসায়িক হিসাব ও গুদামের মালিকানা নিয়ে কিছুদিন ধরে তাদের বিরোধ চলে আসছে। সম্প্রতি নুরুদ্দিন গুদামঘরটি এলাকার শাহজালাল নামে এক ব্যক্তির কাছে বিক্রি করে দেন।

বিক্রি হলেও গুদামঘরটি আশরাফুল ইসলাম রাজুর দখলে ছিল। তবে ব্যবসায়িক লেনদেন নিষ্পত্তি না হওয়ায় রাজু ও তার পরিবার গুদামঘরটির দখল ছাড়তে রাজি হননি।
সেই সঙ্গে রাজু ওই গুদামঘরটিতে তার ফুপু সরবি বেগমকে থাকতে দেন।
মঙ্গলবার ভোরে প্রতিপক্ষ সেই গুদামঘর দখলে নিতে গিয়ে সরবি বেগমকে ছুরিকাঘাত করলে ঘটনাস্থলেই তিনি মারা যান। এসময় ঠেকাতে এসে এক নারী আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
খবর পেয়ে কালীগঞ্জ থানা পুলিশ বৃদ্ধার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লালমনিরহাট সদর হাসপাতাল মর্গে পাঠায়। তবে এ ঘটনায় কাউকে আটক বা গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।  
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মনজুরে মওলা বলেন, এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সর্বশেষ

জনপ্রিয়