২৬ কার্তিক, ১৪৩৩ - ১০ নভেম্বর, ২০২৬ - 10 November, 2026

কুড়িগ্রামে পৌর কর্মচারী মনসুর আলী হত্যা, আসামির ফাঁসির দাবিতে বিক্ষোভ

17
2026-11-10 18:37:43

news-picture

কুড়িগ্রাম প্রতিনিধি:  
কুড়িগ্রাম পৌর টাউন হলের নিরাপত্তাপ্রহরী মনসুর আলী হত্যাকান্ডের ঘটনায় অভিযুক্ত শাহনেওয়াজ সানির ফাঁসির দাবিতে বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান করেছেন পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা।
মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুর ১২টায় পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের ব্যানারে এ কর্মসূচি পালন করা হয়। পরে জেলা প্রশাসনসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে পাঁচ দফা দাবিতে স্মারকলিপি দেওয়া হয়।
স্মারকলিপিতে হত্যাকান্ডের দ্রুত ও নিরপেক্ষ তদন্ত, দ্রুত বিচার আদালতে বিচার কার্যক্রম পরিচালনা, পৌর কর্মচারীদের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং নিহতের পরিবারের সদস্যদের নিরাপত্তার দাবি জানানো হয়।
কর্মসূচিতে বক্তব্য রাখেন, কুড়িগ্রাম পৌর কর্মচারী সংসদের সভাপতি আখতারুজ্জামান রাসেল, সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিন্টু, সহসভাপতি আলী রেজা হিরন, যুগ্ম সম্পাদক নুরনবী আহমেদ রানা ও সাংগঠনিক সম্পাদক রিয়াজ উদ্দীন রবিন প্রমুখ।
এ সময় বক্তারা হত্যাকান্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে দ্রুত বিচার সম্পন্ন এবং অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
জানা গেছে, গত ৭ নভেম্বর (শনিবার) জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠান শেষে বিকেলে পৌর টাউন হলে দায়িত্ব পালন করছিলেন মনসুর আলী (৬০)। এ সময় অভিযুক্ত শাহনেওয়াজ সানিকে টাউন হলের ভেতরে ঢুকতে বাঁধা প্রদান করলে ছুরিকাঘাতে তিনি নিহত হন। তিনি কুড়িগ্রাম পৌরসভায় দৈনিক হাজিরাভিত্তিক কর্মচারী হিসেবে কাজ করার পাশাপাশি টাউন হলের নিরাপত্তাপ্রহরীর দায়িত্ব পালন করতেন।
এদিকে স্বামীকে বাঁচাতে গিয়ে ছুরিকাঘাতে আহত হন তার স্ত্রী মল্লিকা বেগম (৫৫)। পরে অস্ত্রোপচারের মাধ্যমে তার শরীর থেকে ছুরি বের করেন চিকিৎসকেরা। বর্তমানে তিনি রংপুরের একটি বেসরকারি ক্লিনিকে চিকিৎসাধীন রয়েছেন।
এ নৃশংস হত্যাকান্ডের ঘটনায় পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে ক্ষোভ ও উদ্বেগ দেখা দিয়েছে। দায়িত্ব পালনরত অবস্থায় একজন কর্মচারী হত্যার শিকার হওয়ায় মাঠপর্যায়ের কর্মীদের নিরাপত্তা নিয়েও প্রশ্ন উঠেছে।
স্মারকলিপিতে পাঁচ দফা দাবির মধ্যে রয়েছে- হত্যা মামলার দ্রুত ও নিরপেক্ষ তদন্ত সম্পন্ন করে প্রতিবেদন দাখিল, দ্রুত বিচার আদালতে বিচার কার্যক্রম পরিচালনা, পৌরসভার মাঠপর্যায়ের কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করা, নিহতের পরিবারের সদস্যদের নিরাপত্তা প্রদান এবং অভিযুক্তের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা।

সর্বশেষ

জনপ্রিয়