পীরগাছায় সড়কের মাঝে ঝুঁকিপূর্ণ গাছ: ভোগান্তিতে ২০ হাজার মানুষ
পীরগাছা (রংপুর) প্রতিনিধি:
রংপুরের পীরগাছায় সড়কের মাঝে একটি ঝুঁকিপূর্ণ আম গাছ জনগণের চলাচলে চরম প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে। গাছটির কারণে বড় কোন যানবাহন ঢুকতে না পারায় চরম ভোগান্তির শিকার হচ্ছেন কয়েকটি গ্রামের প্রায় ২০ হাজার মানুষ। এ অবস্থায় ওই সড়কটি পাকা করণের কাজ শুরু করা হলেও ঝুঁকিপূর্ণ গাছটি অপসারণ করা হয়নি। ফলে শতাধিক এলাকাবাসী আজ (২১ অক্টোবর) সোমবার গাছ অপসারণের দাবি জানিয়ে উপজেলা প্রকৌশলীর নিকট সাক্ষাত করেন এবং লিখিত অভিযোগ দেন।
জানা গেছে, উপজেলার অন্নদানগর ইউনিয়নের সাতদরগা বাজার হতে পীরগাছা অভিমূখে হয়ে হরিচরণ ও রাজবল্লভ গ্রামে যাতায়াতের সড়কের আমতলী নামক স্থানে একটি আম গাছ রয়েছে। গাছটি সড়কের মধ্যেস্থলে হওয়ায় ওই সড়ক দিয়ে ফায়ার সার্ভিস কিংবা ভারী কোন যানবাহন চলাচল করতে পারে না। এতে করে মানুষজন নানা সমস্যার সম্মুখীন হচ্ছে। ইতিপূর্বে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা প্রকৌশলী সড়কটি পরিদর্শন করে গাছ কেটে সড়ক পাকা করণের আশ্বাস দেন। এদিকে ওই সড়কটি পাকার করণের কাজ শুরু করা হলেও ঝুঁকিপূর্ণ গাছটি অপসারণ করা হয়নি।
স্থানীয় বাদশা মিয়া, হাসান আলী, নুরুজ্জামান বলেন, গাছটি আমাদের বিপদের কারণ হয়ে দাড়িয়েছে। গাছটি না কেটে সড়ক পাকা করা হলে জনগণ চরম ভোগান্তিতে পড়বে। তাই আমরা গাছ কেটে সড়ক পাকা করণের দাবি করছি। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা প্রকৌশলীর নিকট লিখিত অভিযোগ দেয়া হয়েছে।
এ ব্যাপারে উপজেলা প্রকৌশলী মনিরুল ইসলাম বলেন, এলাকার লোকজন লিখিত অভিযোগ দিয়েছে। পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল হক সুমন বলেন, বিষয়টি দেখতে হবে। গাছ যদি সমস্যা মনে হয়, তাহলে গাছ কেটে সড়ক পাকা করণ করা হবে।