হাতীবান্ধায় ৭ বছরের শিশুকে ধর্ষণ: সিসিটিভি ফুটেজ দেখে ভ্যানচালক গ্রেপ্তার
লালমনিরহাট প্রতিনিধি:
লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার বড়খাতায় বহুল আলোচিত ৭ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে আবু তালেব নামে এক ভ্যানচালককে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার ভোরে বড়খাতা ইউনিয়নের ৩নং আদর্শ গুচ্ছগ্রামে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
মামলার এজাহার ও পুলিশ সূত্রে জানা গেছে, ওই এলাকার মজিবর রহমানের ছেলে ভ্যানচালক আবু তালেব ধর্ষণের শিকার শিশু ও তার পরিবারের পূর্বপরিচিত। ঈদের পরদিন শুক্রবার সন্ধ্যায় বাজার থেকে বাড়ি ফেরার পথে শিশুটি আবু তালেবের ভ্যানে ওঠে। পরে আবু তালেব তাকে বড়খাতা বাসস্ট্যান্ডের পাশে আশরাফুলের স-মিলের (করাতকল) কাছে একটি টিনের চালায় নিয়ে ধর্ষণ করেন। ঘটনার পর শিশুটি অসুস্থ হয়ে বাড়ি ফিরলে পরিবারের লোকজন বিষয়টি জানতে পারেন। শিশুটি প্রথমে হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে উন্নত চিকিৎসার জন্য লালমনিরহাট সদর হাসপাতালে ভর্তি করা হয়।
এই ঘটনায় শিশুটির পরিবার বাদী হয়ে হাতীবান্ধা থানায় একটি মামলা দায়ের করে। তবে প্রাথমিক এজাহারে আসামির নাম উল্লেখ না থাকায় পুলিশ কিছুটা বিপাকে পড়ে। পরবর্তীতে মামলার তদন্তকারী কর্মকর্তা হাতীবান্ধা থানার উপ-পরিদর্শক (এসআই) সঞ্জয় কুমার পাল তথ্য-প্রযুক্তি ও স্থানীয় সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে ভ্যানচালক আবু তালেবকে শনাক্ত করেন এবং অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হন।
অবশ্য আবু তালেবের পরিবারের দাবি, এই ঘটনার সাথে আবু তালেব কোনোভাবেই জড়িত নন, তাকে ষড়যন্ত্রমূলকভাবে ফাঁসানো হচ্ছে।
হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রমজান আলী জানান, ভুক্তভোগী শিশুটি নিজে ছবি দেখে আসামিকে শনাক্ত করার পর পুলিশ তাকে গ্রেপ্তার করেছে। আইনি প্রক্রিয়া শেষে ইতোমধ্যে আসামিকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।