১৯ জ্যৈষ্ঠ, ১৪৩৩ - ০২ জুন, ২০২৬ - 02 June, 2026

কুড়িগ্রামে হত্যা মামলার পলাতক প্রধান আসামি গ্রেফতার

50
2026-06-02 19:15:51

news-picture

কুড়িগ্রাম প্রতিনিধি:

শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় চাঞ্চল্যকর ক্লুলেস হত্যা মামলার তদন্তে প্রাপ্ত প্রধান আসামি আলমগীর গাজী (৩৬) কে কুড়িগ্রামের রাজারহাট এলাকা থেকে গ্রেফতার করেছে রংপুর র‍্যাব-১৩।

বাদীর দায়েরকৃত এজাহার সূত্রে জানা গেছে, বাদী জরুরী ডিউটিকালীন সময়ে জাতীয় জরুরী সেবা ৯৯৯ এর মাধ্যমে গত বছরের ১৯ নভেম্বর সকালে জানতে পারেন যে, শেরপুর জেলার ঝিনাইগাতী থানাধীন গান্দিগাঁও সাকিনস্থ রাস্তার পাশে ঝোঁপের ভিতর একজন অজ্ঞাতনামা মহিলার মৃতদেহ পরে আছে। বাদী উক্ত সংবাদ পেয়ে ঝিনাইগাতী থানার অফিসার ইনচার্জকে অবগত করে সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হন। পরে স্থানীয় লোকজনের সহায়তায় অজ্ঞাতনামা মহিলার মৃতদেহ ঝোঁপ থেকে রাস্তার উপরে নিয়ে আসা হয়। পরে সেখানেই ভিকটিমের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করা হয়।

উক্ত ঘটনায় পুলিশ বাদী হয়ে শেরপুর জেলার ঝিনাইগাতী থানায় ধৃত আসামি ও সহযোগী আসামিগণের বিরুদ্ধে ওইদিন একটি হত্যা মামলা দায়ের করে।

পরবর্তীতে তদন্তকালে উঠে আসে ভিকটিমের পরিচয়। নাম মোছাঃ এলিজা বেগম (৩৫), তিনি ধৃত আসামি আলমগীর গাজী (৩৬) এর দ্বিতীয় স্ত্রী। বিবাহের পর থেকে সাংসারিক জীবনে ভিকটিম ও ধৃত আসামির মধ্যে প্রায়ই ছোট খাটো বিষয় নিয়ে ঝগড়া লেগেই থাকতো এবং প্রায় সময়ই ধৃত আসামি ভিকটিমকে শারীরিক ও মানসিক নির্যাতন এবং হত্যার হুমকি দিয়ে আসছিলো। এরই ধারাবাহিকতায় ধৃত আসামি ভিকটিমের উপর ক্ষিপ্ত হয়ে গত ১৩ নভেম্বর ২০২৫ সালে বিকাল ৪ ঘটিকায় তার সহযোগীসহ ভিকটিমকে হত্যা করে লাশ গুম করার উদ্দেশ্যে ঝোঁপের ভিতরে ফেলে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

হত্যাকান্ডটি অত্যন্ত মর্মান্তিক ও লোমহর্ষক হওয়ায় এলাকায় ব্যাপকভাবে চাঞ্চল্যের সৃষ্টি করে। ঘটনার গুরুত্ব বিবেচনায় আসামিদের গ্রেফতারের লক্ষ্যে অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি র‍্যাব গোয়েন্দা তৎপরতা শুরু করে।

পরে সুনির্দিষ্ট তথ্য ও গোপন সংবাদের ভিত্তিতে রংপুর র‍্যাব-১৩ এর একটি তদন্তকারী দল গত ১জুন দুপুর ২টার সময় কুড়িগ্রাম জেলার রাজারহাট থানাধীন উমর মজিদ ইউনিয়নের ৬ নং ওয়ার্ডস্থ আনন্দ বাজারে আলতাফ হোসেন'র বসতবাড়ির উত্তর দুয়ারী ঘরে অভিযান পরিচালনা করে চাঞ্চল্যকর ক্লুলেস হত্যা মামলার প্রধান পলাতক আসামি আলমগীর গাজীকে গ্রেফতার করে। ধৃত আসামী খুলনা জেলার কয়রা থানার জায়গীর মহল আমাদী গ্রামের মুনসুর রহমান গাজীর ছেলে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে রংপুর র‍্যাব-১৩'র অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া), বিপ্লব কুমার গোস্বামী জানান, পরবর্তী আইনানুগ কার্যক্রমের জন্য ধৃত আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

সর্বশেষ

জনপ্রিয়